বই
হ্যাঁ, বাংলাদেশে বইয়ের ভালো বাজার গড়ে উঠেছে। নীলক্ষেতে প্রচুর বই আছে, আছে বাতিঘর-বিশ্বসাহিত্য কেন্দ্র, আছে পিবিএস। কিন্তু বিভিন্ন ঘরানার বা জনরার অসাধারণ বইগুলো নিয়মিতভাবে আছে কি? দয়াবশত কোনো কৌতূহলী ব্যক্তি বা গবেষক কিছু লিখছেন, আমরা তা পড়ছি। কিন্তু আমি শক্ড হই তখন, যখন চলচ্চিত্র, ডিজাইনিং, সংগীত বা রোবোটিকস নিয়ে বিশ্বমানের বইগুলো খুঁজতে যাই, পাই না! গুটিকয়েক বই সবখানে বিক্রি হচ্ছে বেশ। আমি বলছি না সেসব মানে নিচু। বরং তাতেও বেশ উঁচু দরের বই থাকতে পারে, আবার না-ও থাকতে পারে।
বইয়ের সমঝদার এমন জায়গাগুলোতে অমন দুই একটা বই (ধরে নিলাম বেশ কিছু বই-ই) যা মেলে, তা-ও 'সমঝদারির' গুণে এত উঁচু দরের দামের যা কেবল 'দূর থেকে দেখাই যায়, কাছে গিয়ে ছোঁয়া যায় না'! পাঠক সমাবেশ, পিবিএস, প্রথমা প্রকাশন বা বেঙ্গল পাবলিকেশন্সের বই—এত দামের হবে কেন? বই তো সবার জন্যই! কম দামে বের করলে সেটা পৌঁছায় বেশি, সেবা প্রকাশনী সেটার একটা ভালো উদাহরণ। হয়তো তাদের অনেক যুক্তি থাকতে পারে, যেমন—যত দামই হোক, বইপাগলেরা কিনবেই বা আরো কিছু। কিন্তু সবারই বিশেষ করে বই ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতাও থাকে।
বই নিয়ে কথা উঠল যখন, সেদিনকার ঘটনাটা বলি। আগের দিন ফেসবুকে মজা করে ডে দিয়েছিলাম- 'একটা আন্তর্জাতিক ডেট হলে কেমন হয়! সংস্কৃতিসহ অন্যান্য নতুন জিনিস জানাও যাবে!' আর কেমন করে পরের দিনই নীলক্ষেতে এক বিদেশিনীর সাথে সময় কাটাতে হলো! আবার ডে দিলাম এই 'ডেট' নিয়ে- 'ইন্দোনেশিয়ান মেয়ে 'আচ্ছা'কে বলে 'আইচা'!' আর ধন্যবাদকে 'ডনোবাদ'! প্রাণোচ্ছ্বল সত্তাটা তার মরে যায় নি একেবারেই। হাসিখুশি খুব। মুখে মাস্ক পরেছিল। সম্ভবত 'অস্বাভাবিক' ধুলাবালির কারণে! বাংলাদেশি কেতায় সালোয়ার কামিজ পরিহিত মেয়েটা খুঁজছিল খালেদ হোসাইনির 'সি প্রেয়ার'। নতুন বের হয়েছে। এমনভাবে উচ্চারণ করছে, ভাবলাম মান্দারিন হবে হয়তো, আমিও প্রথম এই নাম শুনলাম কি না! আর শুরুতে জানতামও না সে ইন্দোনেশিয়ার। নীলক্ষেতে চটকদার বেস্টসেলার ছাড়া থাকে না। তাই পাওয়া গেল না। আর এটা আগাগোড়া ইলাস্ট্রেটেড বই। ফটোকপি করা যাবে না বলে পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। দোকানদার বললেন, উনারে বলেন এটা নাই। সামান্য একটু দরকারি ইংরেজি কেন সবাই পারবে না?
ভাবলাম তাকে পাশের ফ্রেন্ডস বুক কর্নারে নিয়ে যাওয়া যায়। ওখানে থাকার কথা। চিপা জায়গা দেখে সন্দিগ্ধ হয়ে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছি আমরা। বললাম, Upstairs. মনে মনে হাসলাম!
ওখানে পেলাম না। আর কিছুদিন পরে হয়তো মিলবে। ভুল হয়েছে। পিবিএসের ঠিকানা দেওয়া উচিত ছিল। তার সাথে যোগাযোগের কিছু ব্যবস্থাও রাখিনি। বই খুঁজে না পাওয়ার ব্যাপারটা ভালো লাগল না। পরে পিবিএসে বইটা দেখে খুব খারাপ লেগেছে, আরো খারাপ লেগেছে বইয়ের পেছনের দাম দেখে। মাত্র নয়শ টাকা!


Comments
Post a Comment