শিল্প আসলেই কেন এত জরুরি?

গত বছর একবার চারুকলার জয়নুল গ্যালারিতে ছিল আমাদের পোলাপান সমাজের আলোকচিত্র প্রদর্শনী। ঘুরতে ঘুরতে চারুকলার এক ছাত্রীর সাথে দেখা। তিনি স্টুডিওতে কাজ করছিলেন। নিমগ্ন মানুষকে বিরক্ত করা উচিত কি উচিত না ভেবে একবার কথা বলা শুরুই করে দিলাম। কেন এই ক্যানভাস, রংতুলি, ভাস্কর্য নিয়ে মাতামাতি সেটা তার কাছ থেকে শুনতে চাই।

-আচ্ছা, এই শিল্পের গুরুত্ব কী? প্রয়োজনীয়তা কী? এই পেইন্টিং, স্কেচ?
-এক। এটাতো আমার প্রফেশন, সেদিক থেকে প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আর দেখেন, শিল্প ছাড়া আমরা কিন্তু এক দিনও চলতে পারি না। আপনাকে বুঝাই, আপনার মোবাইল বের করেন।
আমি আমার এনডিসি-সার্টিফায়েড সেলুলার ফোন বের করলাম। তিনি একটু বিব্রত হয়ে বললেন
-হ্যাঁ, এর মধ্যে যে অ্যাপস আছে সেগুলো কিন্তু ডিজাইন করতে হয়েছে, আপনার মোবাইলটা, হুডিটা, চশমাটাও ডিজাইন করতে হয়েছে। এই ডিজাইনের বেসিক কিন্তু এ জায়গা থেকেই শিখতে হয়।
-আপনি কি স্টুডেন্ট?
-জ্বি না। আমি এখন পড়াই। আমার পড়ানোর মাধ্যমে আমি যেভাবে বুঝি আর কি, সেটাই বললাম।

হ্যাঁ, আমারও তাই ধারণা। শিল্প আসলেই সংকীর্ণ কোনো মাধ্যম না। প্রতিটা জিনিসকে আমরা যখন সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করি, সেটাই আসলে শিল্প হয় মনে হয়। আর, দরকারও আছে! 

ছবিটা স্বাধীনতা চত্বর থেকে তোলা হয়েছে। কুইজ- বলেন দেখি এই চত্বর কই?

Comments